আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। এই নিষেধাজ্ঞা দেশটির ধুঁকতে থাকা অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করা হচ্ছে। আফগান মুদ্রার ব্যবহার বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বুধবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

এ ব্যাপারে তালেবান জানায়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থে সব ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রেই আফগান নাগরিকদের আফগান মুদ্রা ব্যবহার করা উচিত। তালেবান ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই দেশটির অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামি আমিরাত সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এখন থেকে আফগান মুদ্রায় সব লেনদেন পরিচালনা করার নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে বিদেশি মুদ্রা ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর দেশটির বিলিয়ন ডলারের সম্পদ আটকে রেখেছে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক ও ইউরোপের সেন্ট্রাল ব্যাংক।

আফগানিস্তানে তীব্র নগদ অর্থের সংকট দেখা যাওয়ার পর তালেবানে বহির্বিশ্বে আটকে থাকা আফগান সম্পদ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে।

আফগান বাজারে ব্যাপকভাবে মার্কিন ডলারে লেনদেন হয়। এমনকি পাকিস্তানসহ দেশটির বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতেও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহৃত হয়।

আফগান অর্থনীতির এই সংকটাপন্ন সময়ে তালেবানের এই সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর