আকরাম ইস্যুতে যা বললেন পাপন
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ক্রিকেট অপারেশনসপ্রধানের পদ থেকে মঙ্গলবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আকরাম খানের পদত্যাগের বিষয়টিকে ‘কমিউনিকেশন গ্যাপ’ বলে আখ্যা দিয়েছেন ।
বিসিবির নিয়মিত সভা শেষে বুধবার দুপুরে নাজমুল হাসান পাপন বলেন, আসলে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আকরাম আমাকে বলেছিল অপারেশনস কমিটি থেকে ওকে সরিয়ে অন্য কোথাও দিতে। এখানে কাজ অনেক। এই চাপ নিতে পারছিল না।
গত অক্টোবরে নির্বাচন হয়ে যাওয়ার পর এখনও বিসিবি পরিচালকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়নি। আগের পরিচালকরা নিজ নিজ বিভাগে কাজ করে যাচ্ছেন। নাজমুল হাসান জানালেন, আগামী শুক্রবারের বোর্ড সভায় দায়িত্ব বণ্টনের জন্য বসবেন তারা।
পারিবারিক কারণে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আকরাম খান। বিষয়টি সোমবার তার স্ত্রী সাবিনা আকরামের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সামনে আসে।


