অস্বাভাবিক দরবৃদ্ধি: তিন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সাময়িক বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান তিনটি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোম্পানি তিনটির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যায়। তবে এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করা হয়নি এবং উল্লেখযোগ্য ব্যবসায়িক অগ্রগতির ঘোষণাও আসেনি।
বাজারের স্বাভাবিকতা ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় সোমবার (১০ আগস্ট) সকাল থেকে কোম্পানি তিনটির শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।
স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক মূল্য পরিবর্তনের কারণ পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


