অর্থবছরের প্রথম মাসে কমলো পোশাক রপ্তানি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। আলোচিত মাসে পোশাক রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। গত বছরের জুলাই মাসে যা ছিল ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

সোমবার (৩ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে বিষয়টি উঠে এসেছে। তথ্য অনুযায়ী, জুলাই মাসে নিট পোশাকের তুলনায় ওভেন পোশাক রপ্তানি বেশি কমেছে। গত বছরের একই মাসের তুলনায় সদ্য সমাপ্ত জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ। আর নিট পোশাক রপ্তানি কমেছে মাত্র দশমিক ৯০ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০২৫ সালের জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছিল (প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ৬৭ শতাংশ)। বর্তমান পরিস্থিতিতে এই উচ্চ রপ্তানির তুলনায় প্রবৃদ্ধি অর্জন অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই উচ্চ রপ্তানির তুলনায় বর্তমান ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার অর্জনকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই।

এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক শিল্প এখন নানা প্রতিকূলতার মুখোমুখি, যার মধ্যে রয়েছে তীব্র গ্যাস সংকট এবং চলমান ভূরাজনৈতিক অস্থিরতা। এই সময়ে একক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার অর্জন একটি ভালো শুরু বলা যায়।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ২০২৬ মাসে বিজিএমইএ কর্তৃক সম্পাদিত ইউডি পরিমাণ প্রায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে (জুলাই ২০২৫-এর তুলনায়)। অর্থাৎ রপ্তানিতে চলমান স্থবিরতা দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে। কাঠামোগত প্রতিবন্ধকতা, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা বিষয়ক প্রতিবন্ধকতা দূর করতে পারলে এবং প্রয়োজনীয় নীতি-সহায়তা পেলে আগামী মাসগুলোতে প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে বলে আমরা আত্মবিশ্বাসী।

সম্পর্কিত খবর