বিএনপির ১৬ নেতার পদত্যাগ
নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির খুলনা জেলার ১৬ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠুও রয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত সময়ে তারা পদত্যাগ করেন।
সূত্র জানিয়েছে, মিঠু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন। বাকিরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেছেন।
আরিফুর রহমান মিঠু অভিযোগ করে বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতির প্রতিবাদ জানাতে আমি পদত্যাগ করেছি।
পদত্যাগকারী বাকি নেতারা হলেন- খুলনা সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড সভাপতি এম কে এ তরিকুল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহিদ কামাল টিটো, সদস্য মো. সামসুল আলম খান, মো. তরিকুল আলম, ওয়াহাব আলী, মো. নজরুল ইসলাম নান্না, মো. রফিক, মো. খান গাজী, জাহাঙ্গীর মল্লিক, মো. বেল্লাল তালুকদার, এস এম শাহাবুদ্দিন, মো. আবুল বাশার, কবির আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. সারুজ্জামান মুকুল।
এর আগে, শনিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। গত ৯ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতেও রাখা হয়নি মঞ্জুকে।


