প্রগতি লাইফের বীমা দাবী পেয়ে গ্রাহকের হাসি

এক মাস আগে স্বামী আরিফুল ইসলাম মারা গেছেন, নাজমুন নাহার তাই ব্যাংকে এসেছিলেন বীমা দাবির চেক নিতে।

কনফারেন্স রুমে মা নাজমুন নাহারের কাঁধে মুখ গুঁজে বসেছিল ছোট্ট নাবিল। বয়স এখনো চার হয়নি, ক’দিন ধরে অল্প জ্বরে ভুগছে। মাঝেমাঝে মায়ের দিকে তাকাচ্ছে, যেন কিছু বুঝে উঠতে পারছে না।

নাজমুনের বললেন পাঁচ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল গ্রাফিক্স ডিজাইনার আরিফুল ইসলামের সঙ্গে। বিয়ের পর কোলজুড়ে এসেছিল নাবিল। এরই মধ্যে আরিফুল বাধাধরা চাকরি ছেড়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং।

আরিফুল-নাজমুন নাহারের তখন সুখের সংসার। হঠাৎ আরিফুলের জ্বর হয়, ডাক্তার জানালেন জন্ডিস। হাসপাতালে ভর্তি ছিলেন ২৩ দিন, শারীরিক অবস্থাও ছিল উন্নতির দিকে। তবে ওই যে, পরিস্থিতি বদলায়, অনেক সময় আকাশের চেয়েও দ্রুত গতিতে।

আধঘণ্টার শ্বাসকষ্টে মারা গেলেন সদ্য ত্রিশ পেরোনো আরিফুল। ডাক্তাররা জানিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
হাওরের তুমুল ঝড়কে আঞ্চলিক ভাষায় বলে ‘আফাল’। অল্পবয়সে স্বামী হারানো আর এক শিশুসন্তানের দায়িত্ব যেন ব্রাহ্মণবাড়িয়ার হাওরঅধ্যুষিত উপজেলা নবীনগরের বাসিন্দা নাজমুন নাহারের কাছে সেই আফালে পড়ার মতোই। তবে মারা যাওয়ার কয়েকমাস আগে আরিফুলের এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ পরিবারটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে।

ব্যাংকান্সুরেন্স-এর মাধ্যমে করা বীমার দাবি হিসেবে নাজমুন নাহার হাতে পেয়েছেন নগদ ১২ লক্ষ ২৮ হাজার টাকা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই বীমা করা হয়েছিল।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান বলেন, “আরিফুল তার ফ্রিল্যান্সিং আয় দেশে নিয়ে আসাসহ সব ধরনের ব্যাংকিং করতেন আমাদের সঙ্গে। চলতি বছরের এপ্রিলে তিনি যখন আমাদের একটি শাখায় লেনদেনের জন্য আসেন, তখন তাকে ভবিষ্যতের নিরাপত্তা বিবেচনায় ব্যাংকান্সুরেন্স এর মাধ্যমে জীবনবীমা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, আমরা সবসময় বলে এসেছি ব্যাংকের মাধ্যমে যেকোনো ধরনের বীমা করা হলে প্রিমিয়াম সহজে পরিশোধ করা হয় এবং বীমা দাবিও দ্রুত আদায় হয়। আরিফুল ১২ বছর মেয়াদি বীমা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত প্রিমিয়ামের মাত্র দুইটি কিস্তি পরিশোধ করলেও ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স করায় বীমা দাবির পুরো টাকাটাই তার পরিবার দ্রুত পেয়েছেন।”

নাজমুন নাহার জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে বীমার টাকা দাবি করার দুই দিনের মধ্যে চেক পেয়েছি। এখন আমি এই টাকাটা ফিক্সড ডিপোজিট করতে চাই। যাতে এই টাকা থেকে পাওয়া ইন্টারেস্ট দিয়ে শ্বশুরের ওষুধের খরচ ও ছেলের পড়াশোনা চালিয়ে যেতে পারি। একমাত্র ছেলে নাবিলকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

নাজমুন নাহারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা মো. জালালুল আজিম, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, ব্র্যাক ব্যাংকের চিফ ব্যাংকান্সুরেন্স অফিসার মাহবুবুর রহমান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংকান্সুরেন্স বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহরুল ইসলাম।

প্রচলিত ধারার ব্যাংকিং ও বীমাকে আমরা এক ছাদের নিচে নিয়ে আসতে চায় ব্র্যাক ব্যাংক। জীবন, স্বাস্থ্য, মোটরগাড়ি, ট্রাভেলসহ অনেক ধরনের বীমাই এখন ব্র্যাক ব্যাংকের মাধ্যমে করা যায়। একইসঙ্গে ব্যক্তিগত ও এসএমই ঋণ এবং ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্যও ‘ক্রেডিট শিল্ড’ বীমা সুবিধা চালু করা হয়েছে।

ব্যাংক ও ইনস্যুরেন্স কম্পানিগুলোর মধ্যে পার্টনারশিপের ফলে বিকল্প বিতরণ চ্যানেল থেকে গ্রাহকরা বীমা সেবা নিতে পারছেন। দেশব্যাপী ব্যাংকের অসংখ্য শাখা থাকায় গ্রাহকরা তাদের দোরগোড়ায় বীমা সেবা পাচ্ছেন। ব্যাংকাসুরেন্স সেবা সাধারণ মানুষের যেমন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে তেমনি তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করছে।

সম্পর্কিত খবর