তিন প্রান্তিকে ফিনিক্স ফাইন্যান্সের ইপিএস কমেছে ৫%
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশের বেশি কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৭ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে ৪ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ফিনিক্স ফাইন্যান্স। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।
ডিএসইতে গতকাল ফিনিক্স ফাইন্যান্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। সমাপনী দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২০ টাকা ৬০ পয়সা ও ৩৪ টাকা ৮০ পয়সা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, বার্ষিক ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৪ দশমিক ১৩। হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২১ দশমিক ১৯।


