ঋতু পরিবর্তনের মতো পরিবর্তন হয় মানুষের মনও: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। প্রতিদিনই ব্যাপক গণসংযোগ করেন তিনি।
বুধবার বন্দর এলাকায় গণসংযোগ করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি বলেন, ঋতু পরিবর্তনের মতো পরিবর্তন হয় মানুষের মনও। নগরবাসী এবার পরিবর্তন চান। করের বোঝা থেকে মুক্ত হতে চান। সিটিতে হোল্ডিং ট্যাক্স, পানির ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি চক্রবৃদ্ধি হারে বাড়ানো হয়েছে। নগরবাসী তা থেকে মুক্তি চান।
তিনি আরও বলেন, নাগরিক সুবিধাগুলো ভোগ করতে চান মানুষ। নারায়ণগঞ্জবাসী দেখতে চান যানজট, বায়ুদূষণও মশা-মাছিমুক্ত নিরাপদ সুন্দর অসাম্প্রদায়িক একটি শহর। তাই এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন নারায়ণগঞ্জবাসী।
বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অপর দিকে আওয়ামী লীগ নেতা এমএ কাইউমের মৃত্যুতে পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সান্ত্বনা দিতে বন্দরের সোনাকান্দা এলাকায় যান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। তিনি বলেন, বন্দরের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। বন্দরের প্রতি আমার সহানুভূতি আছে। আমি সুযোগ পেলেই বন্দরে চলে আসি।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


