ইসরায়েল-মিসরের সেনাদের মধ্যে গোলাগুলি, মিসরীয় সৈন্য নিহত

ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ। খবর আল জাজিরা।

মিসরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিসরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব বলেছেন, ‘রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।’

বিবিসি বলছে, রাফা সীমান্তবর্তী এলাকায় মিসরীয় ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষে এক মিসরীয় সেনা নিহত হয়েছেন। অবশ্য সেখানে আসলে কি ঘটেছে তা তদন্ত করছে মিসরীয় ও ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েল টানা প্রায় আট মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে এবং এতে এখন পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিসর বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী সমর্থক হিসেবে রয়েছে এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধে ইসরায়েলি গণহত্যার নিন্দাও করেছে দেশটি।

এন এস

সম্পর্কিত খবর