আর্জেন্টিনার খাদ্যশস্য রফতানি আয় এক দশকের সর্বোচ্চে

বিদায়ী বছর আর্জেন্টিনার খাদ্যশস্য রফতানি আয় এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে। বছরজুড়ে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় এ সুবিধা পেয়েছে দেশটি।

আর্জেন্টিনার গ্রেইনস এক্সপোর্টার্স অ্যান্ড ওয়েলসিড ক্রাশিং চেম্বার সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালে আর্জেন্টিনা খাদ্যশস্য ও তা থেকে উৎপাদিত পণ্য রফতানি করে ৩ হাজার ২৮০ কোটি ডলার আয় করে। শুধু ডিসেম্বরেই রফতানি আয় আসে ২৬৮ কোটি ডলার।

আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়ামিল ও পশুখাদ্য সরবরাহকারী দেশ। বিশেষ করে ইউরোপ ও দক্ষিণপূর্ব এশিয়ার হাঁস-মুরগি ও শূকর পালন খাত দেশটির সরবরাহের ওপর অনেকাংশেই নির্ভরশীল। পাশাপাশি ভুট্টা, গম ও সয়াবিন রফতানিতেও আন্তর্জাতিক বাজারে বড় হিস্যা রয়েছে আর্জেন্টিনার। এদিকে রফতানি আয় বৃদ্ধির পেছনে ডলারের বিনিময় মূল্য বৃদ্ধিকেও বড় কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

তবে ২০২১ সালে দেশটির খাদ্যশস্য উৎপাদন খাতকে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বলে জানায় গ্রেইনস এক্সপোর্টার্স অ্যান্ড ওয়েলসিড ক্রাশিং চেম্বার। এ সময় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করে শুষ্ক আবহাওয়া ও খরা।

সম্পর্কিত খবর