কাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী ব্যাংকিং সম্মেলন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনব্যাপী ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হচ্ছে।
আগামীকাল বুধবার (২৭ অক্টোবর) মিরপুর-২-এ বিআইবিএম প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান এফসিএমএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিআইবিএম অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। বিআইবিএমের অধ্যাপক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. প্রশান্ত কুমার ব্যানার্জী স্বাগত বক্তব্য দেবেন। বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তাঁর প্রবন্ধের শিরোনাম “বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য মুদ্রানীতি, রাজস্বনীতি ও বাণিজ্যনীতির সমন্বয়”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ; বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে; বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার; এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সম্মেলনের সভাপতি হিসেবে বক্তব্য দেবেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।
দুই দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে এবং ১০৪টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীসহ ৮০০-এর বেশি অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ডিবিসি, দৈনিক বণিক বার্তা, ঢাকা স্ট্রিম এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
বিআইবিএম ২০১২ সাল থেকে বার্ষিক ব্যাংকিং সম্মেলনের আয়োজন করে আসছে। এ সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকেরা ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের সুযোগ পান। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং, অর্থায়ন এবং অর্থনীতির সমসাময়িক বিষয় ও টেকসই উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বাংলাদেশের ব্যাংকিং ও অর্থায়ন খাতে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শক সেবা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনাকারী একটি শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠান।



