শিরোনাম
down of head

বীমাদাবির টাকা কেটে পলিসি নয়: আইডিআরএ

বীমাদাবির অর্থ প্রদানকালে গ্রাহককে নতুন পলিসি ক্রয় করতে বাধ্য করা বা প্রাপ্ত অর্থ থেকে প্রিমিয়াম সমন্বয় বন্ধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন করে অনেক বীমা প্রতিষ্ঠান গ্রাহকের মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যু দাবি কিংবা সার্ভাইভাল বেনিফিটের অর্থ থেকে প্রদেয় প্রিমিয়াম কেটে রেখে নতুন পলিসি ইস্যু করছে। আইডিআরএ স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কার্যক্রম আইনি লঙ্ঘন এবং বীমা গ্রাহকের স্বার্থবিরোধী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইডিআরএ’র একচুয়ারিযাল শাখার পরিচালক রকিবুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেন।

চিঠিতে বলা হয়েছে, যেকোনো বীমাদাবি প্রদানের সময় গ্রাহক বা নমিনির প্রাপ্য সমুদয় অর্থ সরাসরি তাঁর ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো ফি বা টাকা কর্তন করা যাবে না। মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন অনুযায়ী ৯০ (নব্বই) দিনের মধ্যে পরিশোধ করা হলে এবং তা পরবর্তী ৩০ দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হলে, উক্ত পরিশোধের তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত ঐ গ্রাহকের অনুকূলে একই বীমা প্রতিষ্ঠান নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না। যদি মেয়াদোত্তীর্ণ বীমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পর পরিশোধ করা হয়, তবে পরিশোধের তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন (ছয় মাস) পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।

চিঠিতে আরো বলা হয়েছে, লাইফ বীমাদাবির প্রাপ্য অর্থ যদি আইন মোতাবেক নির্ধারিত ৯০ দিনের মধ্যেই সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বীমা গ্রাহকের অনুকূলে নতুন পলিসি ইস্যু করতে বীমা প্রতিষ্ঠানের ওপর কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা থাকবে না।

সংস্থাটি জানায়, বিদ্যমান আইনি কাঠামো অনুসারে বীমাদাবির সম্পূর্ণ অর্থ গ্রাহক বা নমিনিকে ৯০ দিনের মধ্যে পরিশোধের সুস্পষ্ট নিয়ম রয়েছে। তবে সম্প্রতি বেশ কিছু লাইফ বীমা প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়ার সময় জোরপূর্বক নতুন পলিসি চাপিয়ে দিচ্ছে কিংবা পাওনা টাকা থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রেখে বাকি টাকা দিচ্ছে, যা বীমা শিল্পের সুনামের ক্ষতি করছে এবং গ্রাহকদের চরম অসন্তুষ্টি সৃষ্টি করছে।

সম্পর্কিত খবর