বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান একীভূত করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জারি করা এ সার্কুলারে লাইসেন্স প্রদান ও নবায়ন থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি-রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ এবং তদারকিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা ও বিধিবিধান একত্র করে হালনাগাদ একটি সার্কুলার করা হয়েছে। এতে লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন জানা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা সহজ হবে।
সার্কুলারে বলা হয়েছে, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়া করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে।
ছয়টি অংশে বিভক্ত সার্কুলারটিতে লাইসেন্স প্রদান ও নবায়নের পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত পরিপালন, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এতে সংশ্লিষ্ট বিষয়ে আগে জারি করা নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা সংশোধনী জারি হলে তা সার্কুলারটির সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা একসঙ্গে থাকায় লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন জানা ও অনুসরণ করা সহজ হবে। পাশাপাশি ব্যাংক ও অন্যান্য লাইসেন্সধারী প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাতেও সার্কুলারটি সহায়ক হবে।



