ফিনটেক অ্যাওয়ার্ডে দুটি স্বীকৃতি পেল গার্ডিয়ান লাইফ
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) জন্য ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ এবং ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগের জন্য ‘অনারেবল মেনশন’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্রুত ও স্বচ্ছভাবে বিমাদাবি নিষ্পত্তি এবং স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা সহজলভ্য করার মাধ্যমে দেশের বিমা খাতে উদ্ভাবনী সেবা চালুর স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে গার্ডিয়ান লাইফ।
প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) মাধ্যমে বিমাদাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়েছে। আবেদন জমা, যাচাই, মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সব ধাপ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে কাগজপত্রের ব্যবহার ও ম্যানুয়াল কাজ কমার পাশাপাশি গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমেই তাঁদের দাবির অগ্রগতি জানতে পারছেন।
গার্ডিয়ান লাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ লাখ ৬১ হাজারের বেশি বিমাদাবি নিষ্পত্তি করেছে। এসব দাবির আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেওয়ার দিনেই নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া, ৯৭ শতাংশ দাবি নিষ্পত্তি হয়েছে এক সপ্তাহের মধ্যে।
অন্যদিকে, ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগের মাধ্যমে স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা সেবাকে সাশ্রয়ী ও সহজলভ্য করেছে প্রতিষ্ঠানটি। কনসার্ট, সম্মেলনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের টিকিট বুকিং ও নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি দুর্ঘটনা বিমা সুবিধা যুক্ত করা হয়েছে।
মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া এ সেবার আওতায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত নির্ধারিত স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়।
দুটি স্বীকৃতি অর্জনের বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, তাঁদের লক্ষ্য বিমাসেবা সবার জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তোলা। এসিপিএসের মাধ্যমে বিমাদাবি নিষ্পত্তির অভিজ্ঞতা সহজ করা হয়েছে। অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার দুর্ঘটনা বিমাকে সাশ্রয়ী করার একটি উদ্যোগ।
তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি উদ্ভাবনী বিমাসেবা প্রদানে উৎসাহ জোগায় এবং এ খাতে গ্রাহকের আস্থা বাড়াতে সহায়তা করে।
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ পাওয়া এ স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নে গার্ডিয়ান লাইফের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তির মাধ্যমে বিমাসেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানুষের নাগালে নিয়ে আসতে কাজ করছে প্রতিষ্ঠানটি।



