অর্থবছর এপ্রিল-মার্চ, কমিটি গঠন
বর্তমান অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের সময়সীমা পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করবে কমিটি।
আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কমিটি গঠন করা হলো। পরিবর্তনের প্রক্রিয়া সহজ করতে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর হিসেবে নির্ধারণ করা হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী বছরের মার্চে শেষ হবে।
সরকারের সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রায়ই জুলাই ও আগস্ট পর্যন্ত গড়ায়। এ সময়ে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হয়। এতে কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বাড়ে।
অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরুর আগেই অবকাঠামো উন্নয়নের বড় প্রকল্পগুলোর কাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন অর্থবছরের সময়সীমা চালু হলে উন্নয়ন কার্যক্রমের সময় ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং বর্ষার আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।



