১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে
আইন লংঘন করায় ১০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে। জরিমানার টাকা ৭ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
তাকাফুল ইন্স্যুরেন্স নিয়ে বিশেষ নিরীক্ষা করে আইডিআরএ। এতে বীমা আইন লংঘনসহ নানা অনিয়মের চিত্র উঠে আসে। তদন্ত টিমের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে ১৪ লাখ টাকা জরিমানা করে আইডিআরএ। পরে তাকাফুল কর্তৃপক্ষের রিভিউ আবেদনে ৪ লাখ টাকা মওকুফ করে নিয়ন্ত্রন সংস্থা।
১০ লাখ টাকা জরিমানার চার লাখ টাকা পরিশোধ করে- আবারো ৬ লাখ টাকা মওকুফের পু:নআবেদন জানায় কোম্পানি। আইডিআরএর পরিচালক সালেহীন তানভীর গাজী সাক্ষরিত এক চিঠিতে ৮ জুলাই তাকাফুলের এই রিভিউ আবেদন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ফলে জরিমানার ১০ লাখ টাকা-ই পরিশোধ করতে হচ্ছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।
তাকাফুল ইন্স্যুরেন্স এর আগেও নানা অনিয়মের কারণে জরিমানার কবলে পড়ে।
এ বিষয় আইডিআরএর এক পরিচালক জানান, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে বেশ কিছু আপত্তি উত্থাপিত হয়। পরবর্তিতে জরিমানা নিয়ে রিভিউ করলে তা নামঞ্জুর করা হয়। এখন ৭ কার্যদিবসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুলকে।



