মর্ডানার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর দাবি
করোনারোধে মর্ডানার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মর্ডানার ভ্যাকসিন মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর বলে দাবি করেছে। ফাইজার অ্যান্ড বায়োএনটেকের পরেই প্রতিষ্ঠানটি এ তথ্য জানায় বলে সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, তৃতীয় পর্যায়ের ফলের ওপর ভিত্তি করে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে সোমবার এমন দাবি করেছে মডার্না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করব, যাতে এই টিকা জরুরি চিকিৎসার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী বছর যুক্তরাষ্ট্র এই দুই প্রতিষ্ঠান থেকে অন্তত এক শ কোটি ডোজের চেয়ে বেশি টিকা পেতে পারে।
মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এমন একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি, যেটি কোভিড-১৯ থামিয়ে দিতে পারে।’ শেষ ধাপের ওই ট্রায়ালে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করা হয়। এর মধ্যে অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়। এ ছাড়া বাকিদের দেওয়া হয় নামমাত্র ইনজেকশন। সেগুলোতে ভ্যাকসিনের কোনো ডোজ ছিল না। এর আগে প্রথমবারের মতো করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। ছয় দেশে ৪৩ হাজার ৫০০ জন মানুষের দেহে পরীক্ষা চালিয়ে প্রাথমিকভাবে এমন ফল পাওয়া যায়।


