ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে দরপতন
ঈদুল ফিতরের ছুটির আগে গতকাল ছিল পুঁজিবাজারের শেষ কার্যদিবস। এ দিন দরপতনের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৩৩ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। বেলা সাড়ে ১১টার পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সূচকটি। অবশ্য লেনদেন শেষ হওয়ার ৪০ মিনিট আগে থেকে আরেক দফায় শেয়ার বিক্রির চাপের কারণে শেষ পর্যন্ত গতকাল দিনশেষে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬৭৮ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৬৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনশেষে যা ছিল ১ হাজার ৪৫৩ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৮৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯৩২ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত ছিল ৪৯টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৪ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। চতুর্থ অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ। এছাড়া ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল মোট লেনদেনের ৬ দশমিক ৩ শতাংশ। গতকাল সেবা ও আবাসন খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল কাগজ ও মুদ্রণ খাত।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৪ পয়েন্ট কমে ১১ হাজার ৬৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭৬৯ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে মোট ৩৫ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসেও যা ছিল ১৫ কোটি ৫০ লাখ টাকা।


