জরিমানা ৫ লাখ টাকা, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে আইডিআরএ
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ ‘অবৈধ সিইও’ অভি
জিনান মাহমুদ : আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে ‘অবৈধভাবে’ দায়িত্ব পালন করছেন নুরে আলম ছিদ্দিকী অভি।
এই বীমা প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে- https://www.alphalife.com.bd/ নুরে আলম ছিদ্দিকী অভি ‘ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’ পদে- দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ‘সিইও’ পদে নিয়োগদান বিষয়ে ‘আদেশ অমান্য’ করায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। একইসাথে আগামী ৩০ মে, ২০২২ তারিখের মধ্যে ‘শূণ্য সিইও’ পদে নিয়োগের প্রস্তাব- পাঠাতে বলা হয়েছে । ‘শূণ্য সিইও’ পদে নিয়োগের প্রস্তাব পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিতে আইন অনুসারে প্রশাসক নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।
আইডিআরএ‘র পরিচালক (উপ সচিব) মো. শাহ্ আলমের স্বাক্ষরিত চিঠি (স্মারক নং-৫৩.০৩.০০০০.০৩২.১১.০১৪.১৮.১৯) আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান ও সচিব বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আলফা ইসলামী লাইফের সিইও শূণ্য পদে নিয়োগের বিষয়ে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর এর মধ্যে পরিপালনে, কর্তৃপক্ষের নির্দেশ পুরোপুরি ‘অমান্য’ করা হয়েছে।
এরআগে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ’ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল, আলফা ইসলামী লাইফে সিইও পদে নিয়োগের জন্য জরুরি ভিত্তিতে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে তাতে কর্তৃপক্ষের প্রতিনিধি রাখা এবং সিইও নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে।
‘আদেশ অমান্য’ করা হলে বীমা আইন ২০১০ এর ৮০(৫) ধারার বিধান অনুযায়ী কোম্পানিতে ‘প্রশাসক’ নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়।
কিন্তু আইডিআরএ’র আদেশ ভঙ্গ করে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সবশেষ গত ৩১ মার্চ আইডিআরএ পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োজিত নূরে আলম ছিদ্দিকী অভির নিয়োগের প্রস্তাবটি ২০ ডিসেম্বর, ২০২০ নাকচ হয়ে যায়। বর্তমানে ১ বছর ৩ মাসের অধিক সময় পার হয়ে গেছে। কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে পুনরায় ২ দফায় ৩ এবং ২ মাস মোট ৫ মাস সময় বৃদ্ধি করা হয়। এ ক্ষেত্রে কোম্পানিটির আরও ৬ মাস সময় বৃদ্ধির আবেদন করলে আইডিআরএ জানায়, ‘বিবেচনার কোন সুযোগ নেই’।

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শূণ্য পদটি ১ বছর ৩ মাসের অধিক সময় খালি থাকায় বিদ্যমান ‘বীমা আইন লংঘিত হয়েছে’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এজন্য কোম্পানিটিকে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার জরিমানার অংক পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও ‘শূণ্য সিইও’ পদে নিয়োগের প্রস্তাব কর্তৃপক্ষ বরাবর আগামী ৩০ মে, ২০২২ তারিখের মধ্যে কোম্পানি না পাঠালে, আইন অনুসারে এ প্রশাসক নিয়োগ করা হবে।

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ শূন্য হয়েছে ২০১৯ সালের ২১ আগস্ট থেকে। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ চাকরি ছেড়ে দিয়ে প্রাইম ইসলামী লাইফে যোগদান করলে শূন্য হয়ে পড়ে সিইও পদ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চলতি দায়িত্বে রয়েছেন নুরে আলম ছিদ্দিকী অভি।

এ বিষয়টি নিয়ে জানতে নুরে আলম ছিদ্দিকী অভির মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।



