উৎপাদনে ফিরেছে খুলনা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্র
টানা কয়েক মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুটি বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিক সম্মতি পাওয়ার পর উৎপাদন শুরু হয়। বিদ্যুৎকেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতের কোম্পানিটি।
এর আগে গত সপ্তাহে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে কেপিসিএলের এ দুটি প্লান্ট থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে অনুমোদন দেয়া হয়। নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে দুই বছরের জন্য কেন্দ্র দুটি থেকে বিদ্যুৎ কেনার এ অনুমোদন দেয়া হয়। অর্থাৎ এ দুটি প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ না করলে সরকারকে কোনো মূল্য পরিশোধ করতে হবে না।
কেপিসিএল জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর বিপিডিবি থেকে তাদের উৎপাদন শুরু করার জন্য মৌখিক সম্মতি দেয়া হয়। আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও এ সম্মতির পর গত ২৪ মার্চ বিকাল থেকে বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন পুনরায় শুরু করে কোম্পানিটি।
এর আগে গত বছরের ২৯ মে নওয়াপাড়া বিদ্যুৎকেন্দ্র ও ১ জুন কেপিসি ইউনিট-২-এর কার্যক্রম বন্ধ করা হয়। বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী (পিপিএ) কেন্দ্র দুটির মেয়াদ শেষ হওয়ায় কেপিসিএলকে বিপিডিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এর পরিপেক্ষিতে উৎপাদন বন্ধ করা হয়।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কেপিসিএলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা।



