‘এ’ ক্যাটাগরিতে উন্নীত বিকন ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। আজ থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে ওষুধ খাতের কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৩ টাকা ১৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২০ টাকা ৪ পয়সা।
এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের হিসাব বছরে ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২৪ টাকা ৮০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ৭৩ টাকা ৫০ পয়সা থেকে ২৬৫ টাকার মধ্যে ওঠানামা করে।



