শেয়ার কিনবেন ইস্টার্ন হাউজিংয়ের পরিচালক
শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের অন্যতম পরিচালক মনজুরুল ইসলাম। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ৩ লাখ ২১ হাজার ৯০৯টি শেয়ার কিনবেন তিনি। ব্লক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার কেনা সম্পন্ন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা।


