২০ শতাংশের বেশি দর হারিয়েছে সোনালী পেপার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০ শতাংশের বেশি দর হারিয়েছে। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসইতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৬১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
গত সপ্তাহে সোনালী পেপারের ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। এ সময়ে দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে এটলাস বাংলাদেশ, এশিয়া ইন্স্যুরেন্স, এএমসিএল (প্রাণ), রেনইউক যজ্ঞেশ্বর, লিবরা ইনফিউশনস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, বাটা শু ও বিচ হ্যাচারি লিমিটেড।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনালী পেপারের আয় হয়েছে ৩৯ কোটি ৭৩ লাখ ১৪ হাজার ৬৬৭ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ৯৫৮ টাকা। সেই হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৮ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ৭০৯ টাকা বা ২৮ শতাংশের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৮৬৯ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ১৫ লাখ ৫ হাজার ৯৯৫ টাকা। সেই হিসাবে মুনাফা বেড়েছে ১১ কোটি ৩ লাখ ৮১ হাজার ৮৭৪ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯০ টাকা ৯৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপার। এর মধ্যে ২০ শতাংশ স্টক ও বাকি ২০ শতাংশ নগদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৪ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০৭ টাকা ৮৮ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩০৭ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৩৬ টাকা ৯০ পয়সা।


