down of head

ফার্স্ট ফাইন্যান্সের লোকসান নয় মাসে বেড়েছে ৪ গুণ

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের। আলোচ্য সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির লোকসান আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় চার গুণের বেশি বেড়েছে। প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি হিসাব বছরের নয় মাসে ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১১১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ২৬ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে প্রায় ৮৫ কোটি টাকা বা ৪ দশমিক ১৬ গুণ। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ২ টাকা ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের যেখানে এনএভিপিএস ছিল ৬ টাকা ২৪ পয়সা।

লোকসানের কারণে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফার্স্ট ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৪ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৮ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে লোকসানের কারণে ২০১৮ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি তারা। একই কারণে ২০১৭, ২০১৬, ২০১৫ হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা।

সর্বশেষ এনটিটি রেটিংয়ে ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ২০১৮ হিসাব বছরে প্রতিষ্ঠানটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ডব্লিউএএসও ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল)।

২০০৩ সালে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৯ কোটি ২০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩টি। এর মধ্যে ৪১ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ১৯ দশমিক ৪৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৯ দশমিক ২০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ৪০ পয়সা ও ৯ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৫ দশমিক ৭৮।

 

সম্পর্কিত খবর