down of head

‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে এসকে ট্রিমসের শেয়ার

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার আজ থেকে স্টক এক্সচেঞ্জে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার কারণে কোম্পানিটির শেয়ার ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হচ্ছে।

এর আগে এ বছরের ১৫ জুলাই এসকে ট্রিমসের মোট ২ কোটি ১১ লাখ ৫০ হাজার শেয়ার তালিকাভুক্তির বছর থেকে তিন বছর পর লক-ইন ফ্রি হয়েছে। কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৮ সালে ৬৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা সংগ্রহ করে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা।

সম্পর্কিত খবর