যুক্তরাষ্ট্রে সঙ্গীত উৎসবে ভিড়ের চাপে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সঙ্গীত উৎসবের প্রথম রাতে ভিড়ের চাপে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

হাউস্টন সিটির ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন যে, অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে শুক্রবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। বিখ্যাত র‌্যাপার ট্রাভিস স্কট তখন মঞ্চে পরিবেশনায় ব্যস্ত ছিলেন। ২০১৮ সালে তার হাত ধরেই শুরু হয় এ উৎসব।

বিবিসি জানিয়েছে, ট্রাভিস স্কট মঞ্চে উঠতেই উপস্থিত দর্শকরা আনন্দে উত্তেজিত হয়ে উঠেন। সবাই মঞ্চের দিয়ে এগিয়ে যেতে থাকেন। সেই সময় ভিড়ের চাপে ৮ জনের মৃত্যু হয়। আরও ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১১ জনের হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১০ বছরের শিশুও রয়েছে।

আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এরআরজি পার্কে ওই অনুষ্ঠানস্থলে পরে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়।

হাউস্টন ক্রনিকাল এক রিপোর্টে বলেছে, মঞ্চের সামনের দিকের ভক্তদের কষ্ট হচ্ছে দেখে স্কট তার ৭৫ মিনিটের শো চলার সময়েই একাধিকবার থেমে যান। পরে তিনি নিরাপত্তাকর্মীদের তারা ঠিক আছে কিনা দেখতে বলেন ও তাদের ভিড় থেকে বের করে আনতে বলেন।

কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। খোলা মঞ্চে আয়োজিত ওই ইভেন্টে ৫০ হাজার শ্রোতা ও অনুরাগী অংশগ্রহণ করেছিল। দুই রাত চলার কথা থাকলেও দুর্ঘটনার পরে আয়োজনটি বাতিল করা হয়।

হ্যারিস কাউন্টির কাউন্টি জজ লিনা হিডালগো এটাকে খুবই দু:খজনক রাত হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। মানুষ এসব আয়োজনে যায় ভালো সময় কাটানোর জন্য, একটু মন শান্ত করার জন্য, স্মৃতি তৈরির জন্য। এটা সেই ধরনের অনুষ্ঠান নয়, যেখানে কেউ হতাহত হতে পারে।

এক বিবৃতিতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড বলেছে, যাদের হারিয়েছি তাদের জন্য ও তাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা। দ্রুত প্রতিক্রিয়া দেখানোয় স্থানীয় জরুরি সেবাকে ধন্যবাদও দেয় তারা।

সম্পর্কিত খবর