হিলি স্থলবন্দরে ২৪ টাকায় নামল পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পাশাপাশি বাজারে এসেছে দেশীয় পেঁয়াজ। ফলে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। এ কারণে স্থলবন্দরে পেঁয়াজের দাম কমে ২৪ টাকায় নেমে এসেছে।

বন্দরসংশ্লিষ্টরা জানান, চারদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ২ টাকা। চারদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৬-২৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে ২৪-২৭ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাপণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) দেয়া বন্ধ করে দিলেও আমদানিকারকদের কাছে এখনো পর্যাপ্ত আইপি রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে।

সংশ্লিষ্টরা জানান, নিম্নমুখী আমদানির পাশাপাশি পেঁয়াজের দাম কমার পেছনে আরো কিছু কারণ রয়েছে। মৌসুমের শেষ দিকে এসে খারাপ মানের পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে বাজারে সরবরাহ বেশি। তাছাড়া দেশীয় পেঁয়াজের দামও কম। পেঁয়াজের দাম কমার পেছনে এসব বিষয় ভূমিকা রেখেছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন—এ দুদিন বন্ধ থাকার পর গত রোববার আবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। একদিনে ভারতে আটকে থাকা দুদিনের পেঁয়াজ আসায় দাম অনেকটাই কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত সপ্তাহে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে সাত ট্রাকে নেমেছিল। কিন্তু দুদিন বন্ধের পর রোববার বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হওয়ায় একদিনেই বন্দর দিয়ে ২৯ ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল।

প্রসঙ্গত, কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত ও তাদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে ২০ ডিসেম্বর থেকে আইপি দেয়া স্থগিত করা হয়। তবে আগের অনুমোদনপ্রাপ্ত এলসির বিপরীতে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকের প্রায় ৫০ হাজার টন পেঁয়াজের আইপি নেয়া আছে।

 

সম্পর্কিত খবর