হিলিতে নারী উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘হাতে হাত রেখে এসো কাজ করি মিলেমিশে সবে দেশটাকে গড়ি’—এ স্লোগানে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দিনাজপুরের হিলিতে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও দিনাজপুর উদ্যোক্তাবর্গ-এর সমন্বয়ে নারী উদ্যোক্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ কেক ও ফিতা কেটে নারী উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, দিনাজপুর উদ্যোক্তাবর্গের পরিচালক ও অঞ্জলি বুটিকসের স্বত্বাধিকারী সম্পা দাস মৌ, মডারেটর শাকিলা আফরোজ রিপা, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা জান্নাত তনু ও সাধারণ সম্পাদক রোমেনা আকতার মনি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নারীরা আর কোনো কর্মকাণ্ডে পিছিয়ে নেই জানিয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও নিজেকে আত্মনির্ভরশীল করতে পরামর্শ দেন। এ সময় বিভিন্ন হাতের কাজসহ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেয়া হয়। সভায় অতিথি ও দিনাজপুর উদ্যোক্তাবর্গের পক্ষ থেকে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামকে সব সহযোগিতার আশ্বাস দেয়া হয়।


