সোনালী আঁশের ইপিএস বেড়েছে ৮২ শতাংশ
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮২ শতাংশ। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রতিবেদনটি অনুমোদন করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। পাশাপাশি সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫১ পয়সা বা ৮২ দশমিক ২৬ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২২৫ টাকা ৫৩ পয়সা। এদিকে সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৭ ডিসেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী আঁশ। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের দুই হিসাব বছরেও একই হারে নগদ লভাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল সোনালী আঁশ শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৪২ টাকা ২০ পয়সা।


