down of head

সূচকের ওঠানামা স্বাভাবিক

পুঁজিবাজারে সূচক বাড়ার পর কিছুটা কমতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু বিনিয়োগকারীরা অল্পতেই আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি গতকাল ‘এসএমই খাতের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সেমিনারে অন্যদের মধ্যে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান, ডিএসইর এমডি তারিক আমিন ভূইয়া, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে ওঠা-নামা স্বাভাবিক। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বাজারের ঊর্ধ্বমুখী অবস্থায় বিক্রি করেন এবং নিম্নমুখী অবস্থায় ক্রয় করেন। এটাই উচিত। কিন্তু আমাদের দেশের বিনিয়োগকারীদের আচরণ উল্টো। আমরা কঠোরভাবে পুঁজিবাজার মনিটরিং করি। এখানে ২০১০ সালের পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। কে কোথায় বিনিয়োগ করেন সেটা আমরা দেখি না, কিংবা কারো পোর্টফোলিও ম্যানেজ করি না। অথচ বিনিয়োগকারীরা লোকসান করলেই আমাদের দোষারোপ করেন। তবে লাভ করলে আবার কিছু বলেন না।

বিএসইসি চেয়ারম্যান আরো বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে দেখভাল করতে গিয়ে অনেক সময় বিশেষ নিরীক্ষা করতে হয়। এতে এমন সব তথ্য উঠে আসে, যা দেখে আমরা নিজেরাই ভয় পেয়ে যাই। প্রতিদিন অনেক কোম্পানির সঙ্গে বিভিন্ন ইস্যুতে বসতে হয়। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের মনোভাব বোঝার চেষ্টা করি। অনেকে ইচ্ছাকৃতভাবে কোম্পানির টাকা পাচার করেন। আবার অনেক কোম্পানির সত্যিই ব্যবসা খারাপ হওয়ার মতো ঘটনা দেখতে পাই। এক্ষেত্রে যে কোম্পানির জন্য যে পদক্ষেপ নেয়া দরকার, তা-ই নিই। ইচ্ছাকৃতভাবে টাকা পাচারকারীদের শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।

দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব অনেক উল্লেখ করে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমরা এ খাত এগিয়ে নিতে কাজ করছি। বর্তমানে পুঁজিবাজার থেকে এসএমই খাতের কোম্পানিগুলো অর্থ সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে মূল মার্কেটের তুলনায় অনেক ছাড় দেয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরো সুবিধা দেয়া হবে।

সেমিনারে বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেনে গতি ফেরাতে ১০ লাখ টাকা বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীদের লেনদেনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত। তা না হলে এ খাতে লেনদেনে গতি ফিরবে না।

সম্পর্কিত খবর