down of head

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে অরবিন্দু রায়।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে তাঁর পারিবারিক শ্মশানে শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সতীশ চন্দ্র রায় ১৯৪১ সালের ৩০ নভেম্বর বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। পেশাগত জীবনে শিক্ষকতা করলেও পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে তৎকালীন দিনাজপুর-৭ এবং পরবর্তীতে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন সতীশ চন্দ্র রায়।

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সতীশ চন্দ্র রায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ নিজ এলাকা বিরলে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী রেখে গেছেন।

সম্পর্কিত খবর