down of head

সড়ক দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফের ৩ কর্মকর্তার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ কর্মকর্তার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ২ জন। আজ (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফের সিইওর ব্যক্তিগত সচিব (পিএস) সাখাওয়াত হোসেন সাব্বির, সিইওর গাড়ি চালক তারেক ও প্রতিষ্ঠানের এডমিন ইনচার্জ মোজাম্মেল হক। আহতরা হলেন- নিহত গাড়ি চালক তারেকে স্ত্রী ও সন্তান।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ট্রাস্ট লাইফের কর্মকর্তা শাহ জামাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বার্ষিক সম্মেলনের প্রস্তুতির জন্য ওই কর্মকর্তারা কক্সবাজার যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের গাড়িকে চাপ দেয়। এসময় তাদের বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লায় যাচ্ছিল। পথে চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে গেলে মাইক্রোবাসে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীরাও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ট্রাস্ট লাইফের সিইও মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ।

সম্পর্কিত খবর