শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা চাঁপাইনবাবগঞ্জে

চৈত্র মাসের শেষদিকে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। গুঁটি আসার মুখে শিলাবৃষ্টি আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। আম ঝরে পড়ে যায়।

(৭ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

‎বিকাল ৩টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার আকাশ। একপর্যায়ে নামে শিলাবৃষ্টি। তবে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে শিবগঞ্জ উপজেলায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে জেলা সদরেও বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

‎এদিকে হঠাৎ শিলাবৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেক কৃষক তাদের বাগান ও জমির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

‎স্থানীয়রা জানিয়েছেন, আকস্মিক এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আম, বোরো ধানসহ সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের। বিশেষ করে গাছভর্তি গুঁটি আমসহ যেকোনো ছোট ফল ঝরে পড়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা।

‎আম চাষিরা জানিয়েছেন, বাগানে এখন ছোট অবস্থায় রয়েছে আম। এ সময় শিলাবৃষ্টি হলে আমের ক্ষতির আশঙ্কা থাকে এবং অনেক ফল নষ্ট হয়ে যেতে পারে।

‎শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, দুপুরের পর উপজেলার বিনোদপুর, শ্যামপুর, কানসাট, চককীর্তিসহ কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। শিলার আকারও কোনো কোনো জায়গায় বড় ছিল। এতে ফল ও ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই বৃষ্টিতে বোরো ধান ও পাটখেতের জন্য উপকার হয়েছে। কারণ বোরো ধান ও পাটখেতে সেচের প্রয়োজন ছিল। তবে শিলাবৃষ্টির কারণে আমের ক্ষতি হয়েছে।

‎তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। তথ্য সংগ্রহ শেষে ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

‎চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, বেশ কিছু এলাকা থেকে শিলাবৃষ্টিতে আমের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে।

‎চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইয়াসিন আলী জানান, পুরো জেলাতেই হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কাটা গম বাদে সব ফসলের জন্যই ভালো হয়েছে। তবে শিবগঞ্জে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবৈশাখী

সম্পর্কিত খবর