যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড ইউক্রেনে সোভিয়েত যুগের যুদ্ধবিমান পাঠাতে পারে
ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করতে মার্কিন কর্মকর্তারা পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির কথা বিবেচনা করছেন। এর আওতায় পোল্যান্ড যুক্তরাষ্ট্রের এফ-১৬-এর বিনিময়ে ইউক্রেনকে সোভিয়েত যুগের যুদ্ধবিমান সরবরাহ করবে। মার্কিন মিডিয়া এ খবর দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনশর বেশি মার্কিন আইন প্রণেতার ভিডিওকলে অনুষ্ঠিত বৈঠকের পরে রুশ আগ্রাসনের শিকার দেশটিকে সহায়তা করার সর্বশেষ পদক্ষেপটি এলো।
ওই বৈঠকে ইউক্রেনের নেতা বলেন যে, তার দেশের আরো যুদ্ধবিমান খুবই প্রয়োজন। ইউক্রেনীয় পাইলটদের সোভিয়েত যুগের রাশিয়ার তৈরি বিমানের প্রয়োজন, কারণ তাদের সেই বিশেষ পদ্ধতির বিমান চালানোর প্রশিক্ষণ রয়েছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এ বিষয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং অন্য ন্যাটো মিত্রদের সঙ্গেও পরামর্শ করছি। ’ ইউক্রেনে বিমান সরবরাহ করলে পোল্যান্ডকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র কী সরবরাহ করতে পারবে তার ওপর সিদ্ধান্তের কিছুটা নির্ভর করে।
হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সন্ধ্যায় জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, ইউক্রেনের প্রতি নিরাপত্তা, মানবিক সহায়তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে মার্কিন সহায়তা বাড়ছে। বাড়তি তহবিল নিশ্চিত করতে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে হোয়াইট হাউস। সূত্র: বিবিসি



