যমুনা অয়েলের লেনদেন বন্ধ আজ
লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের। রেকর্ড ডেট শেষে কাল থেকে কোম্পানিটির লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে যমুনা অয়েলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ২০০ কোটি ১৮ লাখ টাকা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ১৮ টাকা ১৩ পয়সা।
এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৩ টাকা ৪২ পয়সায়।



