মতিন স্পিনিং মিলসের আয় বেড়েছে ৪৭ শতাংশ

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪৭ শতাংশের বেশি। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে তিন গুণের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে মতিন স্পিনিং মিলসের আয় হয়েছে ১৫৫ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০৫ কোটি ৫৯ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৫০ কোটি টাকা বা ৪৭ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ১৭ লাখ টাকার বেশি। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ কোটি টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৭ কোটি ৮০ লাখ টাকার মতো।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৩ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ২৯ পয়সা। সমাপ্ত হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৭ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। ৩০ জুন কোম্পানিটির পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ এনএভিপিএস দাঁড়ায় ৪৯ টাকা ২৯ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস।

সম্পর্কিত খবর