ভারত থেকে চিপস পাথর আমদানি শুরু
ওভারলোডিং বন্ধ, পার্কিং চার্জ বৃদ্ধিসহ নানা জটিলতার কারণে ১৪ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চিপস পাথর আমদানি শুরু হয়েছে। এতে করে পাথরের অভাবে দেশে যেসব প্রকল্প থমকে ছিল ও বন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছিল, তার সমাধান হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ।
গতকাল বেলা সাড়ে ১১টায় ভারত থেকে চিপস পাথরবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে চিপস পাথরের আমদানি শুরু হয়। তবে তা আগের মতো ওভারলোডিং নয়, সরকারি নির্দেশনায় ট্রাকের নির্দিষ্ট পরিমাণ পণ্য অনুযায়ী (আন্ডারলোডিং) পাথর আমদানি শুরু হয়েছে। বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দর দিয়ে ১৪টি ট্রাক ৩৬৪ টন চিপস পাথর আমদানি হয়েছে। এ সময় আরো পাথর আমদানি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে নানা জটিলতার কারণে ১৩ ফেব্রুয়ারি থেকে বন্দর দিয়ে চিপস পাথর আমদানি বন্ধ ছিল। তবে এ সময় তাদের দেশের সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ (আন্ডারলোডিং) ভিত্তিতে বোল্ডার পাথর আমদানি অব্যাহত ছিল। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ী সংগঠনের সভাপতি/সম্পাদকের সঙ্গে কথা বলে আমরা অনুরোধ জানিয়েছিলাম, তারা আমাদের জানিয়েছিল রোববার থেকে চিপস পাথর রফতানি করবে। সে অনুযায়ী আজ (রোববার) তারা চিপস পাথর রফতানি করায় বন্দর দিয়ে চিপস পাথরের আমদানি শুরু হয়েছে। তবে পাথর আমদানি হচ্ছে তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আন্ডারলোডিং পদ্ধতিতে।
তিনি জানান, এ পদ্ধতিতে আরো কয়েকদিন আগে থেকেই পাথর আমদানি হওয়ার কথা ছিল কিন্তু বিষয়টি ভারতের স্থানীয় ট্রাক সিন্ডিকেটের কারণে সম্ভব হয়নি। বাইরের ব্যবসায়ীরা সরকার নির্ধারিত আন্ডারলোডিং পদ্ধতিতে চিপস পাথর রফতানি করতে চাইলেও স্থানীয় ট্রাক সিন্ডিকেট ওভারলোডিং পদ্ধতিতে পাথর রফতানি করতে চাওয়ায় তারা সেটি করতে দেয়নি। এখন তো আর ওভারলোডিং চলবে না তাদের (ভারতের) সরকারি নির্দেশনা অনুযায়ী। তবে বোল্ডার পাথর সেই নিয়ম অনুযায়ী রফতানি করায় সেটি আগে থেকেই চালু রয়েছে। শুধু চিপস পাথর বন্ধ ছিল সেটিও আজ (রোববার) থেকে আন্ডারলোডিং পদ্ধতিতে আমদানি চালু হলো।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে বোল্ডার পাথরের আমদানি অব্যাহত থাকলেও ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর আমদানি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ১৪ দিন বন্ধের পর আজ (রোববার) পুনরায় ভারত থেকে চিপস পাথর আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। এ পাথর আমদানি শুরু হওয়ার ফলে এতে করে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বাড়বে। সেই সঙ্গে এ পাথর আমদানির ফলে দেশে যে পাথরের ঘাটতি ছিল সেটি পূরণ হবে বলে মনে করছি।
প্রসঙ্গত, ভারতে ওভারলোডিং বন্ধসহ ট্রাকের পার্কিং চার্জ দিনে ১০০ টাকার স্থলে ৪০০ টাকা, হল্টেজ চার্জ সারা দিনে ৩০ টাকার পরিবর্তে ঘণ্টাপ্রতি ৫০ টাকা করে নেয়া শুরু করলে ১৩ ফেব্রুয়ারি থেকে চিপস পাথর রফতানি বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ব্যবসায়ীরা।



