বললেন ওবায়দুল কাদের
‘বুয়েটকে জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে অ্যাকশন’

ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে সরকার অ্যাকশনে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্যকালে এ কথা জানান তিনি।

বুয়েটে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বুয়েটে আবরার হত্যায় কাউকে ছাড় দেয়া হয়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে নেতাকর্মীদের দণ্ড হয়েছে, কাউকে ছাড় দেয়া হয়নি। বুয়েটের ঘটনারও তদন্ত চলছে। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধের নামে ক্যাম্পাসকে জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক ঘোষক হতে পারে না। ৫৩ বছর পরও বিতর্ক চলছে কে স্বাধীনতা এনেছে! নিজের জীবনকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু। ’৭০ এর নির্বাচনের ম্যান্ডেট পেয়েছিলেন বঙ্গবন্ধু। সেই হিসেবেও তারই তো ঘোষণা করার কথা। আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান যেমন কথা বলতো, তেমনি বিএনপি ভারতের বিরুদ্ধে বলছে।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না। এমপি-মন্ত্রীদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আওয়ামী লীগ কর্মীরা চায়ের দোকানে বসে দলের নেতাদের গিবত করে, সব খবরই পাওয়া যায়।

 

এন এস

সম্পর্কিত খবর