প্রথমার্ধে বিডি সার্ভিসেসের লোকসান আরো বেড়েছে
ধারাবাহিকভাবেই লোকসান বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস (বিডি সার্ভিসেস) লিমিটেডের। চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির লোকসান বেড়েছে। আগের হিসাব বছরের তুলনায় এ সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে সাড়ে ১২ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে বিডি সার্ভিসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ১২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৬৪ পয়সা বা ১২ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩১ টাকায়।
এর আগে লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি বিডি সার্ভিসেস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৪ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সায়।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ৩ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ৬ টাকা ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২ টাকা ৩ পয়সা।



