প্রথমার্ধে পাওয়ার গ্রিডের আয় বেড়েছে ৭%
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) আয় বেড়েছে ৭ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ১৬১ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৮৫ কোটি টাকা। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে পাওয়ার গ্রিডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯৬ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৭৯ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৫১৮ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৪৮৭ কোটি টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা।


