প্রথমার্ধে এসএস স্টিলের আয় বেড়েছে ১০ শতাংশ
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় ও মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। আর কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ শতাংশ। প্রকৌশল খাতের কোম্পানিটির মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) ব্যবসার এ চিত্র উঠে এসেছে।
পিএসআইয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে এসএস স্টিলের সমন্বিত আয় হয়েছে ৩১৮ কোটি ৬৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৮৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৩০ কোটি ৬৫ লাখ টাকা বা ১০ দশমিক ৬৪ শতাংশ। প্রথমার্ধে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪৩ কোটি ৬৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ২৬ লাখ টাকা বা ২ দশমিক ৯০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৪ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে প্রায় ১৭৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৫৯ কোটি ৭৪ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৫৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২৩ কোটি ২২ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৫ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসএস স্টিল। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারকে ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে এককভাবে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৮ পয়সায়। পুনর্মূল্যায়ন ছাড়া যা ২০ টাকা ৯৫ পয়সা।
২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারকে ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এসএস স্টিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয় ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৪৮ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ১৪ টাকা ৯৮ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
সর্বশেষ রেটিং অনুযায়ী, এসএস স্টিলের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’। স্বল্পমেয়াদে ‘এসটি-৩’, যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০১৫-২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২০-২১ হিসাব বছরের নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
ডিএসইতে বৃহস্পতিবার এসএস স্টিল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৯ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৫ টাকা ৩০ পয়সা ও ২৮ টাকা ৬০ পয়সা।



