প্রথমার্ধে আয় বেড়েছে বেক্সিমকো লিমিটেড ও ফার্মাসিউটিক্যালসের
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের আয় চলতি হিসাব বছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় ১২১ শতাংশ বেড়েছে। অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্রায় ১৮ শতাংশ বেড়েছে।
গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানি দুটির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বেক্সিমকো লিমিটেডের আয় হয়েছে ৩ হাজার ৬৭০ কোটি ৪৪ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬৫৬ কোটি ৫৭ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে বেক্সিমকো লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৫৯ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৬৭ কোটি ৭৯ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৭ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭২ পয়সায়।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ১ হাজার ৬৯৬ কোটি ৮৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৪৪০ কোটি টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩১৩ কোটি ১৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২২২ কোটি ৬৩ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ১২ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৯৫ পয়সা।
ডিএসইতে গতকাল বেক্সিমকো লিমিটেডের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫৩ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৬৭ টাকা ৫০ পয়সা থেকে ১৮৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। গতকাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৯৮ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৪৭ টাকা ৩০ পয়সা থেকে ২৫৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।



