পূর্বাচলে শুরু হলো ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রাজধানীর অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে শুরু হয়েছে ২৬তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হলেও এবার থেকে স্থায়ীভাবে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর কভিড-১৯ মহামারীর কারণে মেলা বন্ধ থাকায় স্থায়ী ঠিকানায় এ বছরই প্রথম মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে অন্য বছরের মতো এবার মেলায় রফতানি চাহিদা নেই এমন কোনো পণ্যের বিক্রয় বা প্রদর্শনী থাকছে না। এবারের মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক পণ্য ও সেবাকে নতুন বছরের ‘বর্ষপণ্য’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পণ্যের দেশীয় ব্র্যান্ড তৈরি এবং প্রচার-প্রসারের উদ্দেশ্যে জাতীয়ভাবে এ ঘোষণা করা হয়।

এর আগের বছরগুলোতে ওষুধ, চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করা হয়। প্রতি বছর ঘোষিত ‘বর্ষপণ্য’ নিয়ে সরকার নতুন পরিকল্পনা করে থাকে। রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব ব্রান্ড তৈরিকে এ বছর গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে, এবারের মেলার পরিসর এবং স্টল সংখ্যা আগের তুলনায় কমানো হয়েছে। শেরেবাংলা নগরে অনুষ্ঠিত মেলায় ২০১৯ সালে ৪৫০টি এবং ২০২০ সালে ৫৫০টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এ বছর ছোট-বড় মিলিয়ে ২২৫টি স্টল-প্যাভিলিয়ন রাখা হয়েছে। স্টলগুলোর উচ্চতা ১৩ ফিটের বেশি না করার বাধ্যবাধকতাও দেয়া হয়েছে বলে জানা গেছে। কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয় মাথায় রেখে এ বছর স্টল সংখ্যা কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় প্রবেশ ফি আগের মতোই অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা করা হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ‘বিআরটিসি’র ৩০টি বাস ক্রেতা-সাধারণের যাতায়াতের জন্য রাখা হয়েছে। করোনা মহামারীর কারণে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। শিশুদের বিনোদন কেন্দ্র রাখা না হলেও ফুড কোর্ট, রেস্টুরেন্ট ও অন্য খাবার দোকান রাখা হয়েছে।’

এছাড়াও অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এ বছরও ইপিবি এ মেলার আয়োজন করে। প্রথম দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় ৬০ শতাংশ স্টল বা প্যাভিলিয়ন বিক্রয় ও প্রদর্শনীর জন্য প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত খবর