নিত্যপণ্যের দাম আর বাড়বে না :এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, আমরা ভোক্তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশে লবণ, তেল, চিনি, ডাল এই জাতীয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়া নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এগুলোর দাম আর বাড়বে না।
রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত শিল্প, বাণিজ্য, কৃষি, খাদ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের নিয়ে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বছরব্যাপী চাহিদা, উৎপাদন, আমদানি ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কৃষিজাতীয় পণ্যের ক্ষেত্রে আমাদের তেমন কোনো ট্যাক্স নেই। আর আমরা চালে স্বয়ংসম্পূর্ণ বলে আমরা চাল আমদানিতে শুল্ক বাড়িয়ে দিয়েছি। প্রয়োজনে এটা আবার কমিয়ে দেয়া হবে। তিনি বলেন, পেঁয়াজসহ যেসব পণ্য আমদানি হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ চলছে।
কোন পণ্য কতটুকু আমদানি হয়েছে সেটা কখন, কীভাবে বিক্রি হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ আমদানির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টিসিবি, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।


