দুই কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভা ২০ জুন বেলা সাড়ে ৩টায় এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সভা ২২ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফু-ওয়াং সিরামিক: কোম্পানিটির পর্ষদ সভায় চলতি ২০২১-২২ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৮৭ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানিটির পর্ষদ সভায় চলতি ২০২২ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৬ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ মে।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সা।



