তিনদিনে ১৮০ পয়েন্ট বেড়েছে সূচক
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে ধারাবাহিক নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। মাঝে দু-একদিন সূচক বাড়লেও সার্বিকভাবে ক্রমে পয়েন্ট হারাচ্ছিল সূচক। তবে তিন কার্যদিবস ধরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এ সময় সূচকে ১৮০ পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকে প্রথম পৌনে ১ ঘণ্টায় ঊর্ধ্বমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এরপর কিছুটা নিম্নমুখিতা দেখা গেলেও কিছু সময় পর ঘুরে দাঁড়ায় সূচকটি। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬০৬ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ ও আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৬৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৫৪ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৭৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৬০৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩০০টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। ৯ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। চতুর্থ অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ। গতকাল আর্থিক প্রতিষ্ঠান খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে শুধু চামড়া খাতে ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ কোম্পানি ছিল বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), আইপিডিসি, সোনালী পেপার, বিডি কম, লাফার্জ হোলসিম বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, ইয়াকিন পলিমার, বিবিএস ও ফরচুন সুজ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৬৬৯ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৪৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৯ হাজার ৪৫০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ১৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৩২ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসেও যা ছিল একই।


