ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম।
আজ শনিবার (১৭ অক্টোবর) তিনি স্বহস্তে লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন। পরে সেটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনু বিভাগে পাঠানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন।
গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা।
তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এ ছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।



