জাপানে ইস্পাত উৎপাদনে ঊর্ধ্বমুখিতা অব্যাহত
জাপানে অব্যাহতভাবে বাড়ছে অপরিশোধিত ইস্পাত উৎপাদন। স্থানীয় বাজারে ধাতুটির শক্তিশালী চাহিদা থাকায় উৎপাদন বাড়াচ্ছে কোম্পানিগুলো। সর্বশেষ নভেম্বরে টানা নয় মাসের মতো শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক। তথ্য বলছে, গত মাসে জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ২০২০ সালের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় উৎপাদন হয়েছে ৮০ লাখ ৪০ হাজার টন। তবে এক বছরের ব্যবধানে বাড়লেও চলতি বছরের অক্টোবরের তুলনায় উৎপাদন ২ দশমিক ২ শতাংশ কমেছে।
অক্টোবরে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক পূর্বাভাসে জানায়, অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদনে উল্লম্ফন দেখা দিতে পারে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদনে ১০ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে।
আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন জানায়, গত বছর নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ইস্পাতের চাহিদা ও উৎপাদন—উভয় ক্ষেত্রেই মন্দা দেখা দিয়েছিল। তবে এ বছর খাতটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। গত বছর জাপানে সব মিলিয়ে ৮ কোটি ৩০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল, যা ১৯৬৯ সালের পর সর্বনিম্ন। তবে বছর উৎপাদনে পুনরুদ্ধার ঘটেছে।


