কেন্দ্রীয় ব্যাংক কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়াল
দেশের শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেলাপি ঋণ নিয়মিত করতে আগ্রহী উদ্যোক্তারা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
রবিবার(২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের ক্ষেত্রে কাঁচাপাট রপ্তানিকারকদের ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে পুনঃতফসিলের আবেদন করার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর ২০২৫। কিন্তু রপ্তানি কার্যক্রমে বিভিন্ন জটিলতা ও খাতভিত্তিক সংকটের কারণে অনেক উদ্যোক্তা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহক তার শ্রেণিকৃত (খেলাপি) ঋণের স্থিতির ২ শতাংশ অর্থ জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন এবং দেশের রপ্তানি বাণিজ্যে ইতিবাচক গতি সঞ্চার হবে।


