এজিএমের আগে লভ্যাংশ জমার নির্দেশ বিএসইসির
তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে ঘোষিত নগদ লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করলে এজিএমের অন্তত এক দিন আগে লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। একই সঙ্গে অর্থ জমার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ এজিএমে উপস্থাপন করতে হয়। পাশাপাশি প্রত্যয়নপত্রটি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোতে জমা দেওয়ার বিধান রয়েছে।
তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে এজিএমে উপস্থাপন না করা পর্যন্ত লভ্যাংশসংক্রান্ত কোনো প্রস্তাব সভায় উপস্থাপন করা যাবে না। এ বিষয়ে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ ও এর পরবর্তী সংশোধনী অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালককে পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।
একই সঙ্গে, কোনো স্বতন্ত্র পরিচালককে যোগ্যতা ও অভিজ্ঞতার নির্দিষ্ট শর্ত থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, তাঁকে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন করে নিয়োগ কিংবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে সেই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকবে। এ জন্য নতুন করে অব্যাহতি নেওয়ার প্রয়োজন হবে না।



